খবরে রিপোর্টার:
টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে জমির শ্রেণি পরিবর্তন করার অভিযোগে ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মোবাইল কোট করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা এবং একই আইনের ১৫(১) ধারার লঙ্ঘনের দায়ে পাবনা জেলার সুজানগর উপজেলার উজানকয় এলাকার বাসিন্দা আমজাদ মিয়ার ছেলে শাহিন মিয়াকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।
মোবাইল কোট করার পরদিনই প্রশাসনের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে কৃষি জমিকে আবাসিক হিসেবে ব্যবহার করার জন্য কৃষি জমিতেই পানির কল স্থাপন করা হচ্ছে।
৪ এপ্রিল শনিবার সকালে সরজমিন কৃষি জমির মাটি কাটার স্থানে গিয়ে দেখা যায় সেখানে পানির টিউবওয়েল বসানো হচ্ছে। স্পেন প্রবাসী উপজেলার আউটশাহী গ্রামের রাজ্জাক শেখের ছেলে কাদির শেখ কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে অট্রালিকা তৈরি করতে ইতিমধ্যে রাজমিস্ত্রী ও ঠিকাদার নিয়োগ করেছেন বলে স্থানীয়রা জানান।